ওপর মহলের নির্দেশে সংবাদ তৈরি করেছি

শাপলা চত্বর মামলায় রুপা-বাবুর দায় অস্বীকার

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার (১৭ জুন) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তদন্ত সূত্রে জানা যায়, সেফ হোমে পৃথকভাবে জিজ্ঞাসাবাদের সময় তারা অভিযোগের দায় অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট সংবাদ ও কার্যক্রম ‘ওপর মহলের নির্দেশে’ পরিচালিত হয়েছিল। জিজ্ঞাসাবাদে তাদের সামনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজও উপস্থাপন করা হয়। তবে মোজাম্মেল বাবু দাবি করেন, সেসব ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি।

এর আগে গত ৭ জুন ট্রাইব্যুনাল-১ তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় এবং মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১০ আগস্ট দিন নির্ধারণ করে।

এ মামলায় বর্তমানে ৯ জন গ্রেফতার রয়েছেন। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে ঢাকাসহ দেশের চারটি স্থানে সংঘটিত ঘটনায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা নিহতদের মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় ১ জনের তথ্য শনাক্ত করেছে।