নিজ সংবাদ:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার আদালত নতুন করে আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১৫ বার পিছিয়েছে।
রবিবার (১৪ জুন) মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত কর্মকর্তা, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর গণসংযোগে অংশ নিতে রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর মামলায় হত্যার অভিযোগ যুক্ত করা হয়। প্রথমে থানা পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তবে বাদী অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেন। বর্তমানে সেই তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
