নিজ সংবাদ:
আগামী ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া একটি ব্যাপকভিত্তিক মুক্তবাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) সম্পন্ন করতে চায়। একই সঙ্গে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানসহ জ্বালানি ও অবকাঠামো খাতে মালয়েশিয়ার যৌথ বিনিয়োগ চেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। দুই দেশের শীর্ষ নেতারা ২০২৭ সালের মধ্যে একটি পারস্পরিক লাভজনক ও দূরদর্শী মুক্তবাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে একমত হয়েছেন। বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এ চুক্তি বাস্তবায়নে দুই দেশ কাজ করবে।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ‘মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ বিজনেস কাউন্সিল’ (জেবিসি) গঠনের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন দুই প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি, হালাল শিল্প, জ্বালানি ও অবকাঠামোর মতো সম্ভাবনাময় খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন ও পেট্রোলিয়াম খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়। পেট্রোনাস ও পেট্রোবাংলার মধ্যে সরাসরি আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান, খনিজ সম্পদ উত্তোলন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। দুই দেশের এই উদ্যোগ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
