নিজ সংবাদ:
রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেট কারচালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী তাহমিনা সুলতানা আবেদনটি নামঞ্জুরের দাবি জানান।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা এলাকায় সংঘটিত হামলায় প্রাইভেট কারচালক বাবুল গুলিবিদ্ধ হন। ১৮ জুলাই গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একই বছরের ২২ জুলাই বাবুলের স্ত্রী বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, হামলা ও হত্যাকাণ্ডে আরিফ হাসান মূল অর্থ জোগানদাতার ভূমিকা পালন করেছেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। তার সহযোগীরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।
তবে আসামিপক্ষের আইনজীবী আদালতে বলেন, আরিফ হাসান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তিনি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার হার্টে রিং পরানো রয়েছে এবং একই সময়ে বিভিন্ন স্থানে গিয়ে হামলায় অংশ নেওয়ার অভিযোগ বাস্তবসম্মত নয় বলেও তিনি দাবি করেন।
উল্লেখ্য, আরিফ হাসান এর আগে দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন এবং বর্তমানে কারাগারে আছেন।
