নিজ সংবাদ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল ফোনে জুন মাসের ভাতার অর্থ পাঠানো হয়। একইসঙ্গে কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। পরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে ভাতার অর্থ স্থানান্তর করা হয়।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান তিনি। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সফরসূচি অনুযায়ী, অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে যান। সেখানে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
