বিনোদন ডেস্ক:
নতুন চলচ্চিত্র ‘তছনছ’ নিয়ে আলোচনায় থাকলেও ব্যক্তিগত জীবনে বড় ধাক্কার মুখে পড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরে অবস্থিত তার বাসায় সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, মূল্যবান ঘড়ি এবং তার প্রয়াত বাবার স্মৃতিবিজড়িত বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়। চুরি হওয়া সম্পদের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকারও বেশি বলে জানা গেছে।
এ ঘটনায় গত ২৭ মে কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত ফারুক নামে এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে পুরো ঘটনার বর্ণনা দেন ববি। তিনি জানান, ঈদের মাত্র দুই দিন আগে তার বাসায় চুরি হয়। চুরি হওয়া স্বর্ণালংকারের বড় অংশই ছিল তার প্রয়াত বাবার দেওয়া স্মৃতিচিহ্ন, যার সঙ্গে জড়িয়ে ছিল পরিবারের অসংখ্য আবেগ ও ভালোবাসা।
ববি লেখেন, “শুধু সম্পদ নয়, এর সঙ্গে হারিয়ে গেছে অনেক স্মৃতি। জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া আসামি ফারুক ও তার স্ত্রীর কাছ থেকে এখন পর্যন্ত প্রায় ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাকি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী দ্রুত উদ্ধারের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
