ভিসা ফি ও সেবার অর্থ বিদেশে পাঠাতে পারবে দূতাবাস ও ভিসা সেন্টার

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশে থাকা বিদেশি দূতাবাস, তাদের অনুমোদিত ভিসা সেন্টার ও এজেন্সিগুলো এখন থেকে ভিসা ফি এবং বিভিন্ন সেবার বিপরীতে স্থানীয় মুদ্রায় আদায় করা অর্থ বিদেশি মুদ্রায় নিজ দেশে পাঠাতে পারবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না।

সোমবার (২২ জুন) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় আগের বিধান শিথিল করে বলা হয়েছে, শুধু বিদেশি দূতাবাস নয়, তাদের অনুমোদিত ভিসা সেন্টার ও এজেন্সিগুলোও একই সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশে অনেক দেশের সরাসরি দূতাবাস না থাকায় বিভিন্ন ভিসা আবেদন কেন্দ্র ও অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা কার্যক্রম পরিচালিত হয়। নতুন সিদ্ধান্তের ফলে এসব প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক লেনদেন আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে বিদেশি মুদ্রা পাঠানোর ক্ষেত্রে ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। পাশাপাশি লেনদেনের বৈধতা নিশ্চিত করা এবং প্রযোজ্য কর ও শুল্ক পরিশোধের বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে চলতি বছরের মে মাসে বিদেশি দূতাবাসগুলোর আর্থিক কার্যক্রম সহজ করতে আরেকটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। সেখানে ভিসা পাওয়ার পূর্বশর্ত হিসেবে বৈদেশিক মুদ্রায় জামানত বা গ্যারান্টি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, বৈদেশিক মুদ্রায় জমা রাখা জামানত অবশ্যই ফেরতযোগ্য হতে হবে এবং মেয়াদ শেষে তা দেশে ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগের ফলে বিদেশে উচ্চশিক্ষা, চাকরি, প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনে ভিসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেন আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।