কক্সবাজার সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল হাতি

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

কক্সবাজার সফরে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে পার্কে পৌঁছালে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। পার্কের একটি হাতি শুঁড় উঁচিয়ে প্রধানমন্ত্রীকে সালাম জানায়, যা উপস্থিত দর্শনার্থী ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সাফারি পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও। সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

এদিকে সফরের শুরু থেকেই ব্যতিক্রমী উপস্থিতি দেখা যায় প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে খাল পুনঃখনন কর্মসূচির স্থানে যান তিনি। পরে সেখান থেকে নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কেও পৌঁছান। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ডা. জুবাইদা রহমান এবং হাসিনা আহমেদ। পুরো সফরজুড়ে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মী প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে শুভেচ্ছা জানান। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।