আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট বিশ্লেষণ করতে হলে অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। তাঁর অভিযোগ, ভবিষ্যতে যেন কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, পশ্চিম তীরের ঘটনাগুলো ভুলে গেলে চলবে না। সেখানে এমন সব পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুর ন্যায্য সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান জানিয়ে আসছেন। তাঁর মতে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ বন্ধ হয়ে গেলে অঞ্চলটি দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা ও চরমপন্থার ঝুঁকিতে থাকবে।
এদিকে গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি হেবরনের কেন্দ্রে একটি ইহুদি শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এটিকে ইসরাইলি নিয়ন্ত্রণ শক্তিশালী করার অংশ হিসেবে উল্লেখ করেছেন। তবে সমালোচকদের দাবি, এসব পদক্ষেপ ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও দুর্বল করছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ, আরব দেশগুলো ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিযোগ করেছে, পশ্চিম তীরে ভূমি ও প্রশাসনিক নীতির পরিবর্তন কার্যত সংযুক্তিকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
