নিজ সংবাদ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান একজন মেধাবী ও প্রজ্ঞাবান ব্যক্তি, যিনি দেশের উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমান জন্মদিনের জাঁকজমকপূর্ণ আয়োজন পছন্দ করেন না। বরং তিনি সবসময় শিক্ষিত, মানবিক ও মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। রাষ্ট্র ও সমাজ উন্নয়নে তিনি প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ড. মঈন খান অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন এবং কলেজ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন। এছাড়া পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং হাফেজ ও পথশিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
