নিজ সংবাদ:
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সব আনুষ্ঠানিকতা শেষ হলে খুব শিগগিরই দুবাই কর্তৃপক্ষ তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাইয়ের ফেডারেল পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। তাকে দেশে ফেরানোর জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর কথা থাকলেও সরকার এক দিনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কর্মকর্তারা ১৪৪ পৃষ্ঠার একটি বিস্তারিত নথি প্রস্তুত করেছেন। এতে বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য, আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, “নথিপত্রে আমার স্বাক্ষরের পর তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়েছে। আরবি ভাষায় অনুবাদ করে কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে তা হস্তান্তর করা হয়েছে। ঢাকার ইউএই দূতাবাসকেও বিষয়টি জানানো হয়েছে।” বেনজীরকে দেশে ফেরানো কতটা সহজ হবে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি শুধু প্রত্যাশার বিষয় নয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে চলা একটি বাস্তব পদক্ষেপ। ইউএই সরকার যথাযথ আইন মেনে তাকে ফেরত পাঠাবে বলে সরকার বিশ্বাস করে।
তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশ ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ রেড নোটিশ জারি করেছিল। তাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমানে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সরকার।
