নিজ সংবাদ:
চলতি বছরের আগস্ট মাসে বহুল প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও সড়ক জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, চলতি বছরের আগস্টে দুটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস। এরপর শুরু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল। ইতোমধ্যে এ জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং দ্রুতই কোচ যুক্ত হবে।
পাবনার কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়ন করা হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুত প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে মন্ত্রী বলেন, মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে নয়, প্রাধান্য দেওয়া হবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশাকে।
তিনি আরও বলেন, দেশে দ্রুত আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ এগিয়ে চলছে।
মতবিনিময় সভায় পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
