ক্রীড়া ডেস্ক:
আসন্ন বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়বেন। তার বিদায়ের আগে বিশ্বকাপ শিরোপা জিতে কোচকে বিশেষ উপহার দিতে চান ফরাসি তারকা ফরোয়ার্ড উসমান ডেম্বেলে।
শনিবার ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, দেশমের নেতৃত্বে ফরাসি ফুটবল অসাধারণ সাফল্য অর্জন করেছে। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচের অধীনে খেলতে পেরে তিনি গর্বিত। তিনি জানান, কোচের বিদায়ের ঘোষণা দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি; বরং সবাই তাকে স্মরণীয় বিদায় উপহার দিতে আরও বেশি অনুপ্রাণিত।
ডেম্বেলের ভাষ্য, দলের প্রতিটি খেলোয়াড়ের প্রতি দেশমের অগাধ আস্থা রয়েছে। প্রতিটি ম্যাচের পর তিনি খেলোয়াড়দের উৎসাহ দেন এবং আত্মবিশ্বাস জোগান। তাই তার শেষ টুর্নামেন্টকে সফল করতে খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত।

নিজের ক্যারিয়ারেও দেশমের অবদানের কথা উল্লেখ করে ডেম্বেলে বলেন, কোচ হিসেবে তিনি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এজন্য বিশ্বকাপ জিতে তার বিদায়কে রাঙিয়ে তুলতে চান তারা।
বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হলেও ডেম্বেলে মনে করেন, মাঠের খেলায় কোনো দলই আগে থেকে এগিয়ে থাকে না। তার মতে, শিরোপা জিততে হলে পুরো টুর্নামেন্টজুড়ে মনোযোগ ও ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
