নিজ সংবাদ:
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে দেশের শিক্ষার্থীরা ভবিষ্যতে বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।
শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সে লক্ষ্যেই মাধ্যমিক স্তরের শুরু থেকে পাঠ্যক্রমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, সম্প্রতি পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় পরীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে নকল বা জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী এ ধরনের অপরাধে শাস্তির বিধান রাখা হয়েছে।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের সব শিক্ষার্থীকে শুধু উচ্চশিক্ষার দিকে ধাবিত করলে কর্মসংস্থানের সংকট আরও বাড়বে। তাই দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, নতুন শিক্ষানীতি ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
