সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিলো সরকার

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক (সিইও) হিসেবে আবেদুর রহমান সিকদারকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।

নিয়োগপ্রাপ্ত দুজনই বেসরকারি ব্যাংক ও আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। কাজী শায়রুল হাসান বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সাবিনকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ার হিসেবে সমন্বয় করা হয়েছে।