ইলিয়াস আলী গুমে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার দাবি

ট্রাইব্যুনালে সাবেক দেহরক্ষীর সাক্ষ্য

রবিবার, জুন ২১, ২০২৬

নিজ সংবাদ:

২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। রোববার (২১ জুন) আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী হিসেবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

সাক্ষ্যে ইমরুল কায়েস দাবি করেন, জিয়াউল আহসান ও তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীর মধ্যে হওয়া ফোনালাপের বিষয়েও তিনি অবগত ছিলেন। তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পর ‘অপারেশন রেবেল হান্ট’ অভিযানের সময় কয়েকজন বিডিআর সদস্যকে ইনজেকশন প্রয়োগ এবং পরে বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যার ঘটনাও ঘটেছিল। এ ছাড়া সাক্ষ্যে বিভিন্ন সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে ইমরুল কায়েস এসব ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ করেন।

চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। মামলায় ২০১১ সালের গাজীপুরের পুবাইলে তিনজন হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনাসহ বিভিন্ন এলাকায় শতাধিক হত্যার অভিযোগ আনা হয়েছে।