নিজ সংবাদ:
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হামলা, মারধর, ভাঙচুর, লুটপাট ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পূর্বধলা থানাকে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) নেত্রকোনা আদালতে উপজেলার হোগলা ইউনিয়ন জামায়াত নেতা এমদাদুল হক আকন্দ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২০ মে পূর্বধলা উপজেলা পরিষদের হলরুমে কোরবানির পশুর হাটের ইজারা সংক্রান্ত ডাক চলাকালে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। একই দিন বিকেলে আগিয়া বাজার এলাকায় দ্বিতীয় দফায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির অভিযোগও আনা হয়েছে।
তবে মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে।
তার দাবি, ঘটনার সময় বিএনপির নেতাকর্মীরাই হামলার শিকার হয়েছেন এবং এ বিষয়ে তারা আগেই পূর্বধলা থানায় মামলা করেছেন। সেই মামলার প্রভাব ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে এই পাল্টা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
