ক্রীড়া ডেস্ক:
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। একই সঙ্গে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, প্রথম ম্যাচের তুলনায় এবার ব্রাজিলের খেলায় উন্নতি হয়েছে। তিনি বলেন, “প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। আমাদের খেলার মান ও গতি বেড়েছে। আক্রমণেও আগের ম্যাচের চেয়ে বেশি কার্যকর ছিলাম। তবে পরের ম্যাচে আরও উন্নতি করতে হবে।”
ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া। আরেকটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনটি গোলই আসে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল।
তবে দলের আক্রমণভাগের সমন্বয়ে খুশি আনচেলত্তি। তিনি বলেন, “আক্রমণভাগে আমাদের সমন্বয় ভালো ছিল। খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। প্রতিপক্ষের পাঁচজন খেলোয়াড় সামনে থাকলেও আমরা ভালোভাবে সুযোগ তৈরি করতে পেরেছি।”
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এই জয় ব্রাজিলকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। এখন পরবর্তী ম্যাচে আরও শক্তিশালী পারফরম্যান্সের লক্ষ্য আনচেলত্তির দলের।
