চার বছর পর বেক্সিমকো-ইসলামী ব্যাংকের সীমাবদ্ধতা প্রত্যাহার

ফ্লোর প্রাইসমুক্ত শেয়ারবাজার

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

দীর্ঘ প্রায় চার বছর পর দেশের শেয়ারবাজার পুরোপুরি ফ্লোর প্রাইসমুক্ত হতে যাচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৮ জুন) লেনদেন শেষে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) থেকে দুই কোম্পানির শেয়ারে আর কোনো সর্বনিম্ন মূল্যসীমা কার্যকর থাকবে না।

বিএসইসি জানিয়েছে, দেশের পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম এবং বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যান মাসুদ খান সংবাদ সম্মেলনে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি ভবিষ্যতে বাজারে এ ধরনের কৃত্রিম মূল্যসীমা আরোপ না করারও আশ্বাস দেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাজারে টানা দরপতন ঠেকাতে ২০২২ সালের ২৮ জুলাই শেয়ারবাজারে ফ্লোর প্রাইস চালু করা হয়েছিল। এরপর ২০২৪ সালের জানুয়ারি থেকে ধাপে ধাপে বিভিন্ন কোম্পানির ওপর থেকে এ সীমাবদ্ধতা তুলে নেওয়া শুরু হয়।

সর্বশেষ বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ওপর ফ্লোর প্রাইস বহাল ছিল। সোমবার বেক্সিমকোর শেয়ারদর ছিল ১১০ টাকা এবং ইসলামী ব্যাংকের শেয়ারদর ছিল ৩২ টাকা ৬০ পয়সা।

নতুন সিদ্ধান্তের ফলে দেশের পুঁজিবাজার আবারও সম্পূর্ণভাবে বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থায় ফিরে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।