নিজ সংবাদ:
সাংবাদিকদের ওপর হামলা ও মারধরকে সর্বজন স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে দেওয়া এক বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ঘটনা জামায়াতের ভেতরে বিকশিত হতে থাকা স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও আহত হয়েছেন। তাঁর দাবি, এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন।
তিনি আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, হামলায় জড়িতরা জামায়াতের নেতা-কর্মী বলে ধারণা করা হচ্ছে। এখন জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, তা দেখার বিষয়।
তিনি জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের কর্মীদের মানসিকতা গঠনে আরও গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে দেখা এবং প্রতিপক্ষকে দমন করার মানসিকতা কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়া উদ্বেগজনক। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক পরিবেশের জন্য অপরিহার্য।
