দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ।

এর আগে রাজধানীর আদাবর ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি মামলায় ব্যারিস্টার সুমন হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। তবে সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার একটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। পরে রাষ্ট্রপক্ষ সেই জামিনের বিরুদ্ধে আপিল করলেও আপিল বিভাগ তার জামিন বহাল রাখেন।

পরবর্তীতে আরও দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও সর্বশেষ আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলায় দেওয়া সেই জামিন আপাতত স্থগিত করলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।