রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক উদ্যোগ চাইলো বাংলাদেশ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) মানবিক বিষয়ক অধিবেশনের উচ্চপর্যায়ের আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক সহায়তা, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহার বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এসব হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গা নারী ও কিশোরীদের সহায়তায় অর্থায়ন সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান।

এছাড়া অনুষ্ঠানের ফাঁকে তিনি ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।