ঝিনাইদহে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে দলীয় নেতাকর্মী ও পরিবারের স্বজনরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন দাবি করেছেন, মোস্তাফিজুর রহমান পুলিশ দেখে পালিয়ে গেছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, সকালে আড়পাড়া এলাকায় নিজ বাড়ির নিচতলায় দলীয় কার্যালয়ে বসেছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রস্তুতি চলছিল।

এ সময় পুলিশ গিয়ে কর্মসূচিতে বাধা দেয় এবং মোস্তাফিজুর রহমানকে আটক করার চেষ্টা করে। পরে নেতাকর্মী ও এলাকাবাসী তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ করা হয়। তাদের দাবি, এ সময় পুলিশের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা দলীয় কার্যালয়ে গিয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলছেন। পরে তাকে বাইরে নিয়ে আসার সময় কয়েকজন তাকে ঘিরে ফেলেন।

তবে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, পুলিশের দল সেখানে গেলে মোস্তাফিজুর রহমান পালিয়ে যান। তার মোবাইল ফোন ঘটনাস্থলে পড়ে যায়, যা পুলিশের হেফাজতে রয়েছে। তবে মানিব্যাগ পাওয়া যায়নি বলে জানান তিনি।