ইকরার মৃত্যুর মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

বুধবার, জুন ২৪, ২০২৬

বিনোদন ডেস্ক:

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, জাহের আলভী ঘটনার সঙ্গে জড়িত নন এবং ব্যক্তিগত প্রতিহিংসার কারণে তাকে হয়রানিমূলকভাবে মামলায় আসামি করা হয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে গুরুতর হাঁপানি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন বলেও উল্লেখ করা হয়। তবে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিনই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। উল্লেখ্য, জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে সন্তান রয়েছে। এর আগে একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।