সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান ও তার স্ত্রী

বুধবার, জুন ২৪, ২০২৬

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জোভান।

জানা গেছে, ঈদের পর কাজের ব্যস্ততা কমিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন এই অভিনেতা। সেখানে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় স্কুটি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন তারা।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে জোভান বলেন, তিনি নিজেই স্কুটি চালাচ্ছিলেন এবং তার স্ত্রী পেছনে বসেছিলেন। হঠাৎ সামনে থাকা একটি সিএনজি কোনো ধরনের সংকেত না দিয়ে দ্রুত ইউটার্ন নেওয়ায় জরুরি ব্রেক করতে গিয়ে তারা দুজনই রাস্তায় পড়ে যান।

গত ১১ জুন ঘটে যাওয়া এ দুর্ঘটনায় জোভান ও তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাদের হাত-পা ছুলে যায় এবং কয়েকটি স্থানে গুরুতর জখম হয়। দুর্ঘটনার পরদিন তারা ঢাকায় ফিরে চিকিৎসা শুরু করেন। শারীরিক অবস্থার কারণে আপাতত সব ধরনের শুটিং থেকে বিরত রয়েছেন জোভান। আগে থেকে নির্ধারিত কয়েকটি কাজও স্থগিত করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিয়মিত বিশ্রামে রয়েছেন তিনি।

এদিকে দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জোভান। তিনি বলেন, কয়েক সেকেন্ডের অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে যানবাহন চালানোর অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।