নিজ সংবাদ:
জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ফলে সম্প্রতি অন্য একটি মামলায় জামিন পেলেও আপাতত তার কারামুক্তি হচ্ছে না।
রোববার (১৪ জুন) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।
এর আগে ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান ড. আবুল বারকাত। তবে একই দিন ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ। আদালত এ বিষয়ে শুনানির জন্য ১৪ জুন দিন নির্ধারণ করেছিলেন।
রোববার আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা গ্রেফতার না দেখানোর আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালত ডিবির আবেদন মঞ্জুর করেন। ড. বারকাতের আইনজীবী বাবুল মিয়া জানান, এ মামলায় জামিনের আবেদন করা হয়েছে এবং সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
ডিবির আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে যোগসাজশে উসকানি, অর্থ ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছিল। ওই দিন নীলক্ষেত এলাকায় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ড. আবুল বারকাতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
