বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে প্লাতিনির মামলা

নতুন বিতর্কে ফিফা

বুধবার, জুন ২৪, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

উত্তর আমেরিকার তিন দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে নতুন বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির কয়েকজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ফ্রান্সে দেওয়ানি ও ফৌজদারি মামলা করেছেন উয়েফার সাবেক সভাপতি ও ফরাসি ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি।

৭০ বছর বয়সী প্লাতিনির অভিযোগ, ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ছিল পরিকল্পিত এবং এর উদ্দেশ্য ছিল তাঁকে ফিফা সভাপতি নির্বাচনের দৌড় থেকে সরিয়ে দেওয়া। প্যারিসে দায়ের করা ফৌজদারি মামলায় ইনফান্তিনো, ফিফার সাবেক আইনি পরিচালক মার্কো ভিলিজার এবং সাবেক অডিট কমিটির চেয়ারম্যান দোমেনিকো স্কালার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিদ্বেষমূলক মামলার অভিযোগ আনা হয়েছে।

একই সঙ্গে ফিফার বিরুদ্ধে পৃথক দেওয়ানি মামলাও করেছেন প্লাতিনি। তাঁর দাবি, সংস্থার অভ্যন্তরে কূটকৌশলের মাধ্যমে তাঁর সভাপতি হওয়ার পথ বন্ধ করা হয়েছিল। এ কারণে তিনি ফিফার কাছে পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন।

ঘটনার সূত্রপাত ২০১৫ সালে, যখন প্লাতিনিকে ২০ লাখ সুইস ফ্রাঁ প্রদানের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে ফিফার নৈতিকতা কমিটি তাঁকে আট বছরের জন্য নিষিদ্ধ করে। এর ফলে ফিফা সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারান তিনি। সেই পরিস্থিতিতে ২০১৬ সালে ফিফা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ইনফান্তিনো।

২০২৫ সালে সুইস ফেডারেল ফৌজদারি আপিল আদালত প্লাতিনি ও সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে সব অভিযোগ থেকে চূড়ান্তভাবে খালাস দেয়। এরপরই নতুন করে আইনি লড়াইয়ে নামেন প্লাতিনি। তবে ফিফা অতীতেও এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নতুন মামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।