ক্রীড়া ডেস্ক:
রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে আবারও জয় পেয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব সদস্যদের ভোটে বিজয়ী হয়ে তিনি ২০৩০ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মোট ভোটের ৬৫ শতাংশ পেয়ে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী এনরিকে রিকেলমেকে পরাজিত করেছেন পেরেজ। নির্বাচনে জয়লাভের মাধ্যমে রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।
নির্বাচনী প্রচারণার সময় বেশ কয়েকটি বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন পেরেজ। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল নতুন এক ‘গ্যালাকটিকো’ তারকাকে দলে ভেড়ানোর ঘোষণা। তিনি জানিয়েছেন, ইউরোপের শীর্ষ পর্যায়ের এক তারকা ফুটবলারকে দলে আনতে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হতে পারে। যদিও সেই ফুটবলারের নাম প্রকাশ করেননি তিনি।
পেরেজের পুনর্নির্বাচনের পর ক্লাবে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। বিশেষ করে সাবেক কোচ জোসে মরিনহোর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় অভিজ্ঞ এই পর্তুগিজ কোচের নাম জোরেশোরে শোনা যাচ্ছে।
রিয়াল সমর্থকদের প্রত্যাশা, পেরেজের নতুন মেয়াদে দল আরও শক্তিশালী হবে এবং ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন তারকা ও নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।
