নিজ সংবাদ:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ঢাকা মহানগর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন।
২০২৫ সালের ২২ জুন শেরেবাংলা নগর থানায় বিএনপির দায়ের করা একটি মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়। মামলায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় অনিয়মের অভিযোগ আনা হয়।
মামলা দায়েরের তিন দিনের মাথায়, ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় এবং এরপর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও কে এম নূরুল হুদা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সাবেক কর্মকর্তা।
এখন হাইকোর্টের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
