নিজ সংবাদ:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৮ জুন) আদালত এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই। তবে বিদেশ গমন রোধে তাকে পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বছরের ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ব্যাংকের ঋণ বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।
পরে একই বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় এবং এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।
সর্বশেষ আপিল বিভাগের আদেশে তার জামিন মঞ্জুর হওয়ায় মুক্তির পথ উন্মুক্ত হয়েছে। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে।
