নিজ সংবাদ:
সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলাগুলোর মধ্যে রাজধানী ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলে দায়ের করা তিনটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে অধস্তন আদালতে করা তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।
গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
এদিকে, একাধিক মামলায় জামিন চেয়ে করা আবেদনের শুনানিকে ঘিরে আইনি অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। হাইকোর্টের সিদ্ধান্তের ওপর এখন নির্ভর করছে সাবেক এই মন্ত্রীর জামিনের বিষয়টি।
