ক্রীড়া ডেস্ক:
আসন্ন ফুটবল বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও আবেগঘন করে তুলতে নতুন একটি আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় এবার শুধু শুরুর একাদশ নয়, ম্যাচডে স্কোয়াডে থাকা দলের সব ২৬ জন ফুটবলারই মাঠে উপস্থিত থাকবেন।
এতদিন আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সঙ্গীতের সময় কেবল মূল একাদশের খেলোয়াড়রা মাঠে দাঁড়াতেন। তবে এবার সেই প্রচলিত রীতি বদলে যাচ্ছে। ফিফার নতুন পরিকল্পনা অনুযায়ী, খেলোয়াড়রা গ্যালারির দিকে মুখ করে না দাঁড়িয়ে মাঠের সেন্টার সার্কেলের চারপাশে অবস্থান নেবেন। শুরুর একাদশের সঙ্গে বেঞ্চে থাকা বাকি ১৫ জন ফুটবলারও এই আনুষ্ঠানিকতার অংশ হবেন।
ফিফা সভাপতি Gianni Infantino এক বিবৃতিতে বলেন, “ফিফা বিশ্বকাপ যত বড় হচ্ছে, আমরা ততই দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য নতুন অভিজ্ঞতা যুক্ত করছি।”
তিনি আরও বলেন, জাতীয় সঙ্গীতের সময় সব খেলোয়াড় ও রেফারিদের সেন্টার সার্কেলে একসঙ্গে দাঁড়ানো ঐক্য, গর্ব ও আবেগের এক অনন্য মুহূর্ত সৃষ্টি করবে। এটি শুধু খেলোয়াড়দের নয়, সমর্থকদের জন্যও বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠবে।
ফিফার মতে, ম্যাচ শুরুর আগে নতুন এই আনুষ্ঠানিকতা বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং দলগত সংহতি ও জাতীয় গৌরবের প্রতীক হিসেবে নতুন মাত্রা যোগ করবে।
