নিজ সংবাদ:
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিস্তারিত আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিষয়টি তুলে ধরা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল রহমান দুলু আদালতকে জানান, গ্রেপ্তারের পর সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রেকর্ড করেন।
রাষ্ট্রপক্ষের উপস্থাপনা অনুযায়ী, জবানবন্দিতে সোহেল রানা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি জানান, ঘটনার দিন রামিসাকে বাসায় ডেকে নেওয়ার পর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তীতে পরিস্থিতি জটিল হয়ে পড়লে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ জবানবন্দি, সাক্ষ্যপ্রমাণ এবং অন্যান্য আলামতের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করে। অন্যদিকে আসামিপক্ষ তাদের বক্তব্যে অভিযোগের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলে।
বৃহস্পতিবার সকালে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেন।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে মামলাটির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। এখন বহুল আলোচিত এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছে দেশবাসী।
