অপেক্ষা করুন...
Ad

গণতন্ত্র শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

শনিবার, জুলা ৪, ২০২৬

নিজ সংবাদ:

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নির্ভীকভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভালো কাজের প্রশংসা ও অনিয়মের সমালোচনা—দুটিই গণমাধ্যমের দায়িত্ব। তার ভাষায়, গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত সুদৃঢ় হবে।

শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকদের নির্ভয়ে সত্য তুলে ধরতে হবে। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে জবাবদিহি নিশ্চিত করাও গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের হামলা-হয়রানির শিকার হওয়ার ঘটনাকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ব্যক্তি নয়, কাজের মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরা উচিত, তেমনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও নির্ভয়ে প্রতিবেদন প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি।

সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নয়, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত প্রেস ক্লাব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।