ক্রীড়া ডেস্ক:
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার বিশ্বকাপের শেষ ৩২-এ অভিষেক দল কেপ ভার্দে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে দুই দল। তবে ম্যাচটি শুধু নকআউটে টিকে থাকার লড়াই নয়, আর্জেন্টিনার সামনে আরও কয়েকটি ইতিহাস সমৃদ্ধ করারও সুযোগ।
লিওনেল স্কালোনির দল ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর আর কোনো নকআউট ম্যাচে হারেনি। এই সময়ে তারা জিতেছে ২০২১ ও ২০২৩ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। এবারও সেই দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখতে চায় আলবিসেলেস্তেরা।
এই ম্যাচে মাঠে নামলেই বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচ খেলবেন লিওনেল মেসি। ইতোমধ্যেই ২৯ ম্যাচ খেলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলে। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে তার ম্যাচসংখ্যাও ২০২।
পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। বিশ্বকাপের নকআউট পর্বে তাদের শেষ ১৩ ম্যাচের সাতটিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি, ১১টি নকআউট ম্যাচ অতিরিক্ত সময়ে খেলার রেকর্ডও আর্জেন্টিনার।
অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপে খেলেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে কঠিন গ্রুপে তিনটি ড্র করে নকআউটে উঠেছে তারা। ১৯৯৮ সালের পর প্রথম দল হিসেবে কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব পার করেছে কেপ ভার্দে। ২০২৬ বিশ্বকাপে অভিষেক হওয়া চার দলের মধ্যে একমাত্র তারাই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল আর্জেন্টিনা, যারা নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই মাঠে নামবে।

