অপেক্ষা করুন...
Ad

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ

ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩

শুক্রবার, জুলা ৩, ২০২৬

নিজ সংবাদ:

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। রাজধানীর গুলশান ও ভাটারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা, ৪১টি হুক্কা, ৪০ কেজি সিসা সেবনের কয়লা এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইরানি বংশোদ্ভূত দুই সহোদর আহমেদ শরীফি ও মেহদাদ শরীফিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ডিএনসির অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন জানান, দুই সহোদর দীর্ঘদিন ইরানে অবস্থান করে সিসার ব্যবসা ও সরবরাহব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। পরে দেশে ফিরে একটি ফেসবুক পেজের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে অনলাইনে সিসা বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে বসুন্ধরা ও মালিবাগ থেকে কুরিয়ারে পাঠানোর জন্য প্রস্তুত দুটি সিসার চালান জব্দ করা হয়। এরপর গুলশানের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেফতার করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ সিসা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারার নূরেরচালা এলাকায় অভিযান চালিয়ে মাকসুদ আলমকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকেও আরও ১৮ কেজি সিসা ও ২১টি হুক্কা উদ্ধার করা হয়।

ডিএনসি জানিয়েছে, চক্রটি বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ লেনদেন করত এবং কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পণ্য সরবরাহ করত। জব্দ করা মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস থেকে বিস্তৃত গ্রাহক তথ্য, অর্ডার ও লেনদেনের রেকর্ড পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে চক্রের অন্যান্য সদস্য, পরিবেশক ও নিয়মিত ক্রেতাদের শনাক্তে তদন্ত চলছে।