অপেক্ষা করুন...
Ad

ইসরায়েলের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের

নতুন বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট

শুক্রবার, জুলা ৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

নতুন এক সাক্ষাৎকারে নিজেকে ‘ইসরায়েলের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট’ দাবি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, কোনো ইহুদি ভোটার কীভাবে ডেমোক্র্যাটদের ভোট দিতে পারেন।

ট্রাম্প বলেন, ‘একজন ইহুদি ব্যক্তি কীভাবে ডেমোক্র্যাটদের ভোট দেয়, তা আমার বোধগম্য নয়। আমি ইসরায়েলের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট।’ তিনি আরও দাবি করেন, ইসরায়েলে তার জনপ্রিয়তা ‘৯৯ শতাংশের কাছাকাছি’।

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই ব্যঙ্গ করে প্রশ্ন তোলেন, ট্রাম্প কি নিজেকে ইসরায়েলের প্রেসিডেন্ট মনে করছেন? কেউ লেখেন, ‘তাকে কেউ মনে করিয়ে দিন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।’ আবার কেউ মন্তব্য করেন, ‘তাহলে বুঝি আমরা এখন ইউনাইটেড স্টেটস অব ইসরায়েলে বাস করছি!’

এর আগে ইরান ইস্যুতেও ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানকে উদ্দেশ করে কঠোর ভাষা ব্যবহার করেন। এসব ঘটনার পর তার মানসিক সক্ষমতা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। যদিও ট্রাম্প দাবি করেন, তিনি মন্ট্রিল কগনিটিভ অ্যাসেসমেন্ট পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এটি বুদ্ধিমত্তা নয়; বরং স্মৃতিভ্রংশের প্রাথমিক লক্ষণ শনাক্ত করার একটি স্ক্রিনিং পরীক্ষা।

এদিকে ট্রাম্পের যুদ্ধ-সংক্রান্ত বক্তব্য নিয়েও ব্যঙ্গ করেছেন হান্টার বাইডেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কটাক্ষ করে লেখেন, একই যুদ্ধ ‘৩৮ বার’ শেষ করার দাবির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন দেওয়া উচিত।