ভাইজান কি তবে অসুস্থ ?

যুক্তরাষ্ট্রে চিকিৎসার গুঞ্জন

বুধবার, জুন ২৪, ২০২৬

বিনোদন ডেস্ক:

ভাইজান খ্যাত বলিউড তারকা সালমান খান-এর নতুন লুক ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে তাকে মাথা ন্যাড়া অবস্থায় দেখা যাওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন তিনি। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সম্প্রতি কংগ্রেস নেতা সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন সালমান খান। সেখানে তার চেহারা ও শারীরিক গঠনে কিছু পরিবর্তন নজরে আসে। মাথা ন্যাড়া এবং আগের তুলনায় ভিন্ন লুকের কারণে ভক্তদের মধ্যে শুরু হয় নানা প্রশ্ন। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শারীরিক কিছু সমস্যার কারণে সালমানকে নিয়মিত ওষুধ বা স্টেরয়েড নিতে হতে পারে। এর প্রভাবে ওজন বৃদ্ধি কিংবা চুল পড়ার মতো পরিবর্তন দেখা যেতে পারে বলে কিছু সূত্র দাবি করেছে। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেননি সালমান খান বা তার পরিবারের কেউ।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন শারীরিক জটিলতার চিকিৎসার জন্য সালমান যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলেও জানা যায়। তবে স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ থেকে দূরে সরে যাননি এই অভিনেতা। প্রায় ৬০ বছর বয়সেও তিনি নিয়মিত শরীরচর্চা করেন এবং অ্যাকশন দৃশ্যে নিজের অংশগ্রহণ বজায় রাখেন।

আগামী দিনে পরিচালক জুটি রাজ ও ডিকে-এর নতুন অ্যাকশন সিনেমায় কাজ করার কথা রয়েছে সালমানের। এর আগে সিকান্দার সিনেমার শুটিং চলাকালে পেশির ব্যথার কারণে কিছু সময় বিরতি নিয়েছিলেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যাওয়ার খবর এখনো কেবল গুঞ্জন হিসেবেই রয়েছে। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।