জোড়া গোলের পর বিশ্বকাপ শিবিরে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

বুধবার, জুন ২৪, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

বিশ্বকাপের মঞ্চে আবারও সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পরদিনই ৩৯তম জন্মদিন পালন করেন বিশ্বফুটবলের এই তারকা।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ ৩২ নিশ্চিত হওয়ার আনন্দের মধ্যেই কানসাস সিটিতে দলের ক্যাম্পে জন্মদিন উদযাপন করেন মেসি। বুধবার দলের হোটেলে সতীর্থদের সঙ্গে কেক কেটে নিজের বিশেষ দিনটি উদযাপন করেন তিনি।

তবে ছিল না কোনো বড় আয়োজন। একেবারেই ঘরোয়া ও দলীয় পরিবেশে উদযাপন করা হয় অনুষ্ঠানটি। আর্জেন্টিনা দলের প্রধান রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াস ও গ্রিল মাস্টার ডিয়েগো ইয়াকোভোনেরও একই দিনে জন্মদিন হওয়ায় তাঁদের সঙ্গেও কেক কাটার মুহূর্ত ভাগ করে নেন মেসি।

জন্মদিন উপলক্ষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে দেওয়া বক্তব্যে মেসি বলেন, ফুটবল ও ব্যক্তিগত জীবনে তিনি ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন। এখন তার একমাত্র চাওয়া সুস্থ থাকা এবং যতদিন সম্ভব ফুটবল উপভোগ করে যাওয়া।

দলের পক্ষ থেকে জানা গেছে, সতীর্থ রদ্রিগো ডি পল মেসির জন্য বিশেষ চমকের প্রস্তুতির কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, পরবর্তী ম্যাচে সমর্থকদের কাছ থেকেও বিশেষ জন্মদিন শুভেচ্ছা পাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ শিবিরে বারবার জন্মদিন উদযাপনের এই মুহূর্তগুলো আর্জেন্টিনা দলের বন্ধন ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।