হাসানুজ্জামান রাজীব \ কুষ্টিয়া শহরে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা। গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জিলা স্কুল এলাকা থেকে শুরু হয়ে দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাল মোহাম্মদ ওয়েল মিল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশে মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটেছে। গুম, খুন ও গণহত্যার মতো জঘন্য ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, “গর্তে লুকিয়ে থাকা ছাত্রলীগ-যুবলীগের কিছু কুলাঙ্গার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা এদেশে আবার রাজনৈতিক অবস্থান তৈরি করতে চায়। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলছি, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার রায় হয়েছে। তারা যেন আর এদেশের রাজনীতিতে স্বপ্ন না দেখে।” কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক বলেন, “গণহত্যা চালিয়ে দিল্লিতে পালিয়ে যাওয়া নেত্রীর কর্মীরা আবারও এদেশের মসনদে বসার স্বপ্ন দেখছে। এদেশের মানুষ তা কখনো মেনে নেবে না। হাসিনার হত্যার রাজনীতি এদেশে আর চলবে না। আমরা বাতিলের সঙ্গে কখনো আপোষ করব না।” সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। উল্লেখ্য, গুম-খুনের অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া আলাদা বিষয় হলেও, রাজনৈতিক অঙ্গনে জুলাইয়ের আগেই উত্তাপ বাড়ছে।
