মেসিকে সর্বকালের সেরা বলার দাবি নাকচ করলেন রোনালদো

বুধবার, জুন ২৪, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সেই মন্তব্যকে ভুয়া দাবি করে বিষয়টি পরিষ্কার করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও জানান, তিনি কখনোই মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেননি। নিজের নামে এমন বক্তব্য ছড়িয়ে পড়ায় তিনিও বিস্মিত হয়েছিলেন বলে জানান তিনি।

রোনালদো বলেন, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ এরপর হাস্যরসের সঙ্গে পুরো ঘটনা ব্যাখ্যা করে তিনি বলেন, নিজের নামে এমন মন্তব্য দেখে তিনি বুঝতেই পারছিলেন না বিষয়টি কোথা থেকে এলো।

ব্রাজিলিয়ান কিংবদন্তি জানান, পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো তার নামে একটি ভুয়া সাক্ষাৎকার প্রকাশ করেছিল। সেখানে তার নামে বিভিন্ন মন্তব্য যুক্ত করা হয়েছিল।

রোনালদোর নামে ছড়িয়ে পড়া আলোচিত বক্তব্য ছিল—‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’ ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পরে রোনালদোর প্রতিনিধিরা জানিয়ে দেন, তিনি ওই সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেননি।

তবে রোনালদো স্বীকার করেছেন, বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে মেসি বসার যোগ্য একজন খেলোয়াড়। তিনি বলেন, মেসির অর্জন ও সামর্থ্য তাকে এই মর্যাদার দাবিদার করে তোলে।