নিজ সংবাদ:
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও বেআইনি কর্মসূচি ঠেকাতে গোপালগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় মঙ্গলবার (২৩ জুন) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
সকাল থেকেই শহরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে মিছিল, সমাবেশ কিংবা অন্য কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি। শহরে যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের বেআইনি মিছিল, সভা বা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গোপালগঞ্জসহ ছয় জেলায় বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করে সরকার। পাশাপাশি পুলিশ ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কয়েকটি জেলায় মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রমের প্রস্তুতির তথ্য পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩০ জুন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
এরই অংশ হিসেবে সোমবার বিকেলে যশোর সেনানিবাস থেকে মেজর একে এম মাসুদ রানার নেতৃত্বে দুইজন কর্মকর্তা ও ১৭১ জন সেনাসদস্য গোপালগঞ্জে মোতায়েন করা হয়।
