নিজ সংবাদ:
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজে বের করুন। অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে।”
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচার দাবি’তে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের শাসনের পর জনগণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। তবে বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার আগে যারা হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করার কথা বলেছিল, ক্ষমতায় এসে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, বিচার নিশ্চিত করা তো হচ্ছেই না, বরং গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে বলে তিনি দাবি করেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলে যদি আবার একই পথে হাঁটা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না। শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না এবং হত্যাকাণ্ডের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারকে মনে রাখতে হবে—মজলুম ছিলেন, জালেম হবেন না। পুরোনো বা নতুন কোনো ফ্যাসিবাদই জনগণ মেনে নেবে না।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
