নিজ সংবাদ:
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ বাতিল করে স্বপদে বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২২ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সিলেটের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানান। একই স্থানে বেলা দুইটায় ‘সিলেটের সচেতন সমাজ’ ব্যানারে আরেকটি অবস্থান কর্মসূচি হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়। জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রত্যাহারের কারণ বা নতুন জেলা প্রশাসকের বিষয়ে কিছু জানানো হয়নি।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সারওয়ার আলম একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁকে অন্যায়ভাবে প্রত্যাহার করা হয়েছে দাবি করে তারা আদেশ বাতিলের আহ্বান জানান।
তবে প্রশাসনিক ও রাজনৈতিক বিভিন্ন সূত্র বলছে, সিলেটে দায়িত্ব পালনের সময় কয়েকটি বিষয়ে আলোচনায় ছিলেন সারওয়ার আলম। বিশেষ করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারের ব্যবস্থাপনা নিয়ে নেওয়া কিছু উদ্যোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
সম্প্রতি মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দানবাক্স ও ঐতিহাসিক ডেগ সিলগালা করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, স্বচ্ছতার উদ্যোগের কারণেই তাকে সরানো হয়েছে; আবার কেউ মনে করছেন, কিছু পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
