মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

কুষ্টিয়ায় ছয় হত্যা

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায়ের জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে গত ১৪ মে মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন। ওইদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সোবহান তরফদারসহ অন্যরা।

অন্যদিকে আসামিপক্ষে যুক্তিতর্ক শেষ করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই। তার বক্তব্য, মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন যে, ঘটনার সময় ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সংসদ সদস্য ছিলেন না বলেও আদালতে দাবি করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনা ঘটে। এতে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। আহত হন আরও অনেকে।

এসব ঘটনার পর হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে আটটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। এখন আগামী ৩০ জুন এ মামলার রায় ঘোষণা করা হবে।