পাংশায় গ্রাম্য বিরোধের সংঘর্ষে নিহত ১

প্রতিপক্ষের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

রাজবাড়ীর পাংশা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত জামিন বিশ্বাস (৫৫) মারা গেছেন। রোববার (২১ জুন) রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জামিন বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহত আরও দুজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের একটি জমির মাপজোখকে কেন্দ্র করে ঢেঁপা মাজাইল ও দড়িবাংলাট গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় মতিউর বিশ্বাস নামের এক ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাকিম মণ্ডল ও তার লোকজনের বিরুদ্ধে। এর জেরে শনিবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

স্থানীয়দের দাবি, রোববার সকালে হাকিম মণ্ডলের লোকজন ঢেঁপা গ্রামের মজিদ বিশ্বাসের বাড়িতে হামলার চেষ্টা করলে জামিন বিশ্বাস বাধা দেন। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামিন বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ঢেঁপা মাজাইল গ্রামের লোকজন দড়িবাংলাট গ্রামে গিয়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।