আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য অবজার্ভার। একই সঙ্গে দায়িত্ব ছাড়ার সম্ভাব্য সময়সূচিও তিনি প্রকাশ করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্টারমার এখনো সরকার পরিচালনার কাজেই মনোযোগী রয়েছেন।
গত কয়েক মাস ধরে স্টারমারের নেতৃত্ব নিয়ে দলে ও বাইরে চাপ বাড়ছিল। শুক্রবার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পাওয়ার পর সেই চাপ আরও তীব্র হয়। এই জয় তাকে নেতৃত্বের চ্যালেঞ্জ জানানোর সুযোগ তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, স্টারমার বর্তমানে চেকার্সে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা আশা করছেন, সোমবারের মধ্যেই তিনি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাবেন।
তবে সরকারি সূত্র বলছে, স্টারমার দায়িত্ব ছাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এর আগে তিনি জানিয়েছিলেন, নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবেন এবং দলকে অভ্যন্তরীণ বিভক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান। ২০২৪ সালের নির্বাচনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় জয় পেলেও পরবর্তীতে জীবনযাত্রার ব্যয়, জনসেবা খাত ও অভিবাসন নীতি নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।
রয়টার্সের হিসাব অনুযায়ী, লেবার পার্টির শতাধিক এমপি তার পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তিনি বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
