যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখলে কেউ হতাশ হবেন না: মার্কিন রাষ্ট্রদূত

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে সামনে রেখে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (২০ জুন) সাপ্তাহিক ছুটির দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠককে নিয়মিত বৈঠক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, একটি গুরুত্বপূর্ণ কারণে তিনি বাংলাদেশে এসেছেন। তিনি জানান, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের দারুণ জয়ের পর দলটি পরবর্তী পর্বে পৌঁছেছে। এ উপলক্ষে তিনি পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশের মানুষকে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখলে কেউ হতাশ হবেন না।

এদিকে রোববার (২১ জুন) থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনের বিদেশ সফর। প্রথমে তিনি মালয়েশিয়া যাবেন, এরপর সফর করবেন চীন। সরকার গঠনের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরের সময় প্রধানমন্ত্রী ২৩ ও ২৪ জুন দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।

পররাষ্ট্র সচিবের তথ্য অনুযায়ী, ২৫ জুন চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

সফরে চীনের সঙ্গে শিক্ষা, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, গণমাধ্যম সহযোগিতা ও সবুজ জ্বালানি খাতে ১৩টি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।