সমালোচনার মুখে বগুড়ার তিন ইউনিয়নের নাম বদলের সিদ্ধান্ত

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নামগুলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিল থাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।

শনিবার (২০ জুন) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে নবগঠিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের মতামত নিয়ে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির মাধ্যমে নতুন নাম নির্ধারণ করতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশনা দেন বলে জানান জেলা প্রশাসক। নির্দেশনার পরপরই প্রশাসনিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নাম চূড়ান্ত হলে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এর মধ্যে শিবগঞ্জে ‘মীরবাড়ী’ এবং মোকামতলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়।

তবে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামগুলো প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামের সঙ্গে সম্পর্কিত হওয়ায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সংসদেও মীর শাহে আলমকে ব্যাখ্যা দিতে হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আরও আলোচনায় আসে।

এদিকে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে প্রতিমন্ত্রীর ভাতিজির নামের সঙ্গে মিল থাকা ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে এখনও আলোচনা রয়েছে।

এর আগে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ করার উদ্যোগ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। পরে নিজের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য শিক্ষা সচিবকে চিঠি দেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে, ফলে তাকে ঘিরে যে আলোচনা-সমালোচনা চলছিল, তার অবসান হবে। তার প্রেস সচিব আতিকুর রহমান জানান, স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অনেকে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করার চেষ্টা করেছেন। এজন্য নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণেও আপত্তি জানিয়েছেন তিনি।