নিজ সংবাদ:
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে উত্তেজিত হয়ে এক ব্যক্তিকে ধমক দিতে এবং টেবিল চাপড়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো।’ এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
শনিবার (২০ জুন) ভিডিওটি ছড়িয়ে পড়ে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সালিশ চলাকালে একপর্যায়ে এমপি হানজালা উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চস্বরে কথা বলছেন। তিনি বলেন, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’ এরপর টেবিল চাপড়ে তাকে বলতে শোনা যায়, ‘চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দেবো।’
জানা গেছে, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা মৌলভীকান্দি এলাকায় বিএনপি কর্মী তারা মিয়ার সঙ্গে একটি সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত ওই বৈঠকে দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। সালিশে এক পক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হলে উত্তেজনা তৈরি হয়।
ভুক্তভোগী তারা মিয়া অভিযোগ করেন, বিচার চলাকালে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি এবং একতরফাভাবে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এমপি হানজালা বলেন, উভয় পক্ষের তর্ক-বিতর্কের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, তাই তিনি ধমক দিয়েছেন। তার দাবি, বিচার সুন্দরভাবেই শেষ হয়েছে।
ঘটনাটি পুরোনো হলেও ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় জনপ্রতিনিধির আচরণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
